‘আওয়ামী লীগ তো দিল্লি গেছে, আপনারা কোথায় পড়বেন?’—বিএনপি ও সরকারকে জামায়াত আমিরের চরম হুঁশিয়ারি!

Omni Barta
By -
0

 

‘আওয়ামী লীগ তো দিল্লি গেছে, আপনারা জপতে জপতে কোথায় পড়বেন?’—বিএনপি ও সরকারকে জামায়াত আমিরের তীব্র হুঁশিয়ারি



অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জে আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে বর্তমান সরকার এবং দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের মতো দেশে যদি আবারও একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করা হয়, তবে এ দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না।

শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের মাসদাইর ঈদগাহে মহানগর জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

‘দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে’

বক্তব্যের শুরুতেই সরকারের বিভিন্ন নীতি ও সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়ার কড়া সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, “ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে কালো হাত দেওয়া, বিশ্ববিদ্যালয়ের যোগ্য উপাচার্যদের (ভিসি) সরিয়ে দিয়ে নিজেদের দলদাসদের বসানো এবং জেলা পরিষদের মতো জায়গায় দলীয় ক্যাডারদের বসানোর মাধ্যমে মূলত একদলীয় শাসন কায়েমের চেষ্টা করা হচ্ছে।”

তিনি বর্তমান সরকারকে নিজেদের ভুল নীতি পরিহার করে দ্রুত জনকল্যাণমুখী ও জনবান্ধব নীতিতে ফিরে আসার আহ্বান জানান। তিনি মনে করিয়ে দেন, শেখ মুজিবুর রহমানও একদলীয় বাকশাল কায়েম করতে চেয়েছিলেন, কিন্তু তিনি অর্ধবছরও ক্ষমতায় টিকতে পারেননি।

বিএনপিকে তীব্র কটাক্ষ: ‘আওয়ামী লীগের বাণী জপছেন আপনারা’

বিগত আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত আমির এক চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি বলেন, “বিরোধী দলকে সবচেয়ে বেশি তুচ্ছতাচ্ছিল্য করত আওয়ামী লীগ। এখন বিএনপিও সেই পুরোনো আওয়ামী লীগের কথাই জপা শুরু করেছে। যে কথাগুলো বলতে বলতে আওয়ামী লীগ আজ দিল্লিতে গিয়ে পড়েছে! আপনারা (বিএনপি) এই কথা জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন? জনগণ এসব কথা আর বিশ্বাস করে না।”

বাজেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “বিগত সাড়ে ১৭ বছরে আওয়ামী লীগ ও তাদের দোসররা বাজেট থেকে ২৯ লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। আপনারা যেন সেই একই চুরির পথে না হাঁটেন।” তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সরকার গঠনের আগে ও পরে দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ঘুষ-দুর্নীতির ‘মিটার’ আগের চেয়ে আরও বেড়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে ‘সর্ব মন্ত্রী’ খোঁচা

দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, “তিনি তো সর্ব মন্ত্রী! সব মন্ত্রণালয়েই তিনি আজান দেন, একামতও দেন। মাঝে মাঝে সংসদে দাঁড়িয়ে ফতোয়াও দেন। তিনি বলেছিলেন, ‘নির্বাচনটা যাতে হয়ে যায়, এ জন্য বলেছিলাম।’ লজ্জা! একটি বড় সংগঠনের শীর্ষ স্থানে থেকে জনগণকে এভাবে ধোঁকা দিলে রাজনীতি ও রাজনীতিকদের ওপর মানুষের আস্থা কীভাবে থাকবে? আমরা এই নোংরা রাজনীতি করি না, করবও না।”

নারায়ণগঞ্জে নতুন মেয়র প্রার্থীর ঘোষণা

নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, “নারায়ণগঞ্জকে সন্ত্রাসের নগরী বানানো হয়েছিল। ত্বকীর হত্যার বিচার আজও পরিবারটি পায়নি। সাত খুনের মতো ঘটনা এ শহর দেখেছে। কিছু নেতা হুংকার দিয়ে বলতেন ‘খেলা হবে’, তারা আজ কোন মাঠে খেলছেন? তারা কি আজ নারায়ণগঞ্জে আসেন? অহংকারীদের পতন অবশম্ভাবী।”

ব্যবসায়ীদের চাঁদাবাজি ও হয়রানি থেকে মুক্ত করার তাগিদ দিয়ে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান প্রশাসককে অবিলম্বে সরিয়ে দিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানান। একই সাথে, আগামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মহানগর জামায়াতের আমির আবদুল জব্বারকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ডা. শফিকুর রহমান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default